ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে ফিরেই আইপিএলের ২ দলকে ধন্যবাদ দিলেন মোস্তাফিজ

করোনার হানায় হঠাৎ আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আটকেপড়া বিদেশি ক্রিকেটাররা বেশ অস্বস্তিতে পড়েছিলেন। তাদের মধ্যে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও ছিলেন।


তাদের দেশে ফেরা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল গত দুদিন। কারণ ভারতে ভয়াবহ করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার পর জটিলতা তৈরি হয়। অবশেষে সেই জটিলতা আর উৎকণ্ঠার অবসান ঘটেছে।


ভারতের উদ্যোগে একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় ঢাকায় পা রাখেন তারা। 


সাকিব-মোস্তাফিজকে দেশে ফিরতে সহযোগিতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, আইপিএল কর্তৃপক্ষ ও তাদের ফ্র্যাঞ্চাইজিরা। 


দেশে পা রাখার পর আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি মোস্তাফিজ। 


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন কাটার মাস্টার।


সাকিব ও নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ। কোনো বিপদ ছাড়া নিরাপদেই আমরা দেশে ফিরেছি। আমি ধন্যবাদ জানাতে চাই রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে এটি সম্ভব করায় (দেশে ফেরা)। সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ সহযোগিতার জন্য।’

প্রসঙ্গত এবারের আইপিএলে সাকিব কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑